২০১৮ সালের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে মেটাকে ২৬৩ মিলিয়ন ডলার জরিমানা

১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬  

ইউরোপীয় ইউনিয়নের ডেটা প্রাইভেসি রেগুলেটর সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা প্ল্যাটফর্মসকে ২০১৮ সালের সাইবার নিরাপত্তা লঙ্ঘনের জন্য ২৫১ মিলিয়ন ইউরো (২৬৩.৫ মিলিয়ন ডলার) জরিমানা করেছে। এই নিরাপত্তা ত্রুটির কারণে ২৯ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছিলো। খবর রয়টার্স।

২০১৮ সালে, ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ ফিচারের কোডে থাকা একটি ত্রুটির সুযোগ নিয়ে সাইবার আক্রমণকারীরা ব্যবহারকারীদের নাম, যোগাযোগের তথ্য, অবস্থান, কর্মস্থল, জন্ম তারিখ, ধর্ম, লিঙ্গ এবং তাদের শিশুদের ব্যক্তিগত তথ্যসহ বিভিন্ন ডেটা ফাঁস করেছিলো।

ডিপিসি'র ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল এক বিবৃতিতে বলেন, “এই ধরনের ডেটা অননুমোদিত প্রকাশের মাধ্যমে সৃষ্ট ঝুঁকি গুরুতর ছিলো, যা অপব্যবহারের সম্ভাবনা তৈরি করেছিলো”।

ডেটা লঙ্ঘনটি প্রকাশিত হওয়ার পর মেটা দ্রুত ব্যবস্থা নিয়েছিলো এবং প্রভাবিত ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করে। বিশ্বব্যাপী ২৯ মিলিয়ন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রায় ৩ মিলিয়ন অ্যাকাউন্ট ইইউ এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ছিলো।

ইউরোপে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর নিয়ন্ত্রক হিসেবে কাজ করে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। জিডিপিআর আইন কার্যকর হওয়ার পর থেকে ডিপিসি মেটাকে প্রায় ৩ বিলিয়ন ইউরো জরিমানা করেছে। এর মধ্যে ২০২৩ সালে রেকর্ড ১.২ বিলিয়ন ইউরো জরিমানা ছিলো।

মেটা ডিপিসি’র সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে।

ডিবিটেক/বিএমটি